চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকায় একটি বসতঘরে ২৫টি ডিম নিয়ে আস্তানা গেড়েছিল এক বিষধর পদ্ম গোখরা। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সাপটি ও অক্ষত অবস্থায় ডিমগুলো উদ্ধার করা হয়েছে।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন জানান, উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ঠাকুর বাড়ি এলাকার বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তাভর্তি বালি আর ভাঙা ইটের টুকরো স্তুপ করে রেখেছিল পরিবারটি। সেখান থেকে বালি আনতে গিয়ে তারা সাপের দেখা পেয়েছেন। খবর পেয়ে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরা সাপটি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাপটির ২৫টি অক্ষত ডিম এবং ১টি খোলস পেয়েছি। ডিমগুলো ফোটানোর জন্য প্রাকৃতিকভাবে বসানো হয়েছে। সাপটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।


