নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এমপি। বক্তব্যে তিনি দেশের গণতান্ত্রিক পরিবেশ, নাগরিক অধিকার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমঅধিকার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মণ (শান্ত)। তিনি বলেন, “সমঅধিকার শুধু একটি রাজনৈতিক শব্দ নয়; এর মধ্যেই মানুষের মর্যাদা, নাগরিক অধিকার ও বৈষম্যহীন সমাজের প্রত্যয় নিহিত রয়েছে।” মানুষের অধিকার, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম (লুবলু), মো. জসিম উদ্দিন খন্দকার, আনোয়ারুল আজম সোহেল ও দীপক কুমার পালিতসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর মানবিক কর্মসূচির অংশ হিসেবে রিকশাচালকদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়। বক্তারা গণতন্ত্র, নাগরিক অধিকার, আইনের শাসন, সামাজিক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


