spot_img
Homeদেশগ্রামঈশ্বরদীতে অটোরিকশাচালক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঈশ্বরদীতে অটোরিকশাচালক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

​নিহত মেহেদী হাসান উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে এক অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। আঘাতের মাত্রা গুরুতর হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে রাজশাহী নেয়ার পথে নাটোরের লালপুরে তার অবস্থার দ্রুত অবনতি হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহতের বাবা আনিছুর রহমান বলেন, ভোর ৫টার দিকে হাসপাতাল থেকে ফোন পেয়ে গিয়ে দেখি আমার ছেলে মুমূর্ষু অবস্থায় বেডে পড়ে আছে। শুনলাম কে বা কারা তাকে রেখে গেছে। আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কারা কেন তাকে এভাবে মারধর করে মেরে ফেলল, কিছুই বুঝতে পারছি না।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ সাবিয়া মরিয়ম জানান, মারাত্মক আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

​ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

spot_img
spot_img