spot_img
Homeমন্ত্রীকথনজাপানকে পাশে নিয়ে এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ: পর্যটনমন্ত্রী

জাপানকে পাশে নিয়ে এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ: পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে জাপানকে পাশে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি আরও বলেছেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার বাংলাদেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

আজ বুধবার সকাল ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এ সময় রাষ্ট্রদূত তাকে অভিনন্দন জানান। পরে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যথাসময়ে টার্মিনাল-৩ উদ্বোধনে সরকার বদ্ধপরিকর। এজন্য দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা জরুরি।

মন্ত্রী জানান, জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) জমা দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা শুরু হবে। তৃতীয় টার্মিনালের সফল পরিচালনার জন্য প্রয়োজনীয় ‘লেটার অব অ্যাস্যুরেন্স’ নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। দ্রুত সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে। এসব স্থানের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

এছাড়া বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নেও জাপানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কাজ করতে চায় সরকার। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এ সময় হেরিটেজ ট্যুরিজমের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেন তিনি।

সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

- Advertisement -

spot_img
spot_img