নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশে মোট নিখোঁজ আছেন ৪ হাজার ৪৬২ জন।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, তাদের দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৮৭ জনে। অপরদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল চীন। এতে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩ জনে পৌঁছেছে।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ৯৮৭টি মরদেহের পাশাপাশি অনেককে জীবিত উদ্ধার করেছে নেপাল। এতে করে দেশটিতে এখন নিখোঁজের সংখ্যা কমে ৩ হাজার ৯১৬ জনে পৌঁছেছে। অপরদিকে তিব্বতে নিখোঁজ আছেন ৫৪৬ জন।
ফলে দুই দেশে মোট নিখোঁজ আছেন ৪ হাজার ৪৬২ জন। ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনের উদ্ধার কাজ চলছে আজ। এখনো যেহেতু সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ আছেন, তাই নিহতের সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩০ দেশের ৫৮৩ জন বিদেশি আছেন। তিব্বতে নিখোঁজ মানুষের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক আছেন।
নিখোঁজ বিদেশিদের অনেকেই ভারতের নাগরিক। নয়াদিল্লি জানিয়েছে, ভারতের ২৭৫ জন নাগরিক ও আরও ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিখোঁজ আছেন।
রবিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের দেশের ৮৫ জন নাগরিক নিখোঁজ আছেন। পাশাপাশি ইউক্রেনের ৬২, মালয়েশিয়ার ৫১, অস্ট্রেলিয়ার ৪২ ও যুক্তরাজ্যের ৩৩ জন নিখোঁজ আছেন।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদ-নদী থেকে তারা ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে।
ধারণা করা হচ্ছে, বন্যার কবলে পড়ে তারা প্রাণ হারিয়েছেন।
মৃতদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের এখনো মৃতের সংখ্যার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।


