সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে যশোরের অভয়নগরে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত ৮টার দিকে উপজেলার মরিচা ও শুভরাড়া বালুরঘাট বাজারে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, ১ হাজার ৩৫০ টাকা মূল্যের এক বস্তা সরকারি টিএসপি সার ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে মেসার্স মাসুদ-মামুন ট্রেডার্সের মালিক মাসুদ মোল্যাকে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই কৃষি স্টোরের মালিক রিয়াজ উদ্দীনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভী খাতুন বলেন, বেশি দামে সার বিক্রির খবর পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


