spot_img
Homeমাঠে ময়দানেমদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী ওয়ার্নার, জরিমানা ১.৩ লাখ...

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী ওয়ার্নার, জরিমানা ১.৩ লাখ টাকা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকারের পর শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে গাড়ি চালাতে হলে ওয়ার্নারকে ইন্টারলক ডিভাইস ব্যবহার করতে হবে। গাড়িতে এই ডিভাইস সংযুক্ত না করা পর্যন্ত তিনি ইন্টারলক লাইসেন্সের আওতায় গাড়ি চালাতে পারবেন না।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে একটি রোডসাইড পরীক্ষায় থামানো হয় ওয়ার্নারকে। অ্যালকোহল পরীক্ষায় পজিটিভ ফল পাওয়ার পর তাকে মারৌব্রা পুলিশ স্টেশনে নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেখানে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি।

আদালতে ওয়ার্নারের আইনজীবী তার শাস্তি কমানোর আবেদন করেন। তার দাবি, ঘটনাটি বিশ্বজুড়ে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় এরই মধ্যে ওয়ার্নারকে যথেষ্ট সামাজিক ও পেশাগত পরিণতি ভোগ করতে হয়েছে।

ওয়েভারলি লোকাল কোর্টে আইনজীবী আওয়াইজ আহমেদ বলেন, ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছে। তার ভাষ্য, এই ঘটনার কারণে ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ-সুবিধার ওপরও প্রভাব পড়তে পারে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে ডিভাইসটি স্থাপন করার পর ওয়ার্নার আবার গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালুর আগে ডিভাইসটি তার নিঃশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করবে। অ্যালকোহল শনাক্ত হলে গাড়িটি স্টার্ট নেবে না।

৩৯ বছর বয়সী ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো নিয়মিত খেলছেন তিনি।

- Advertisement -

spot_img
spot_img