ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পাকিস্তানের ক্রিকেটারদের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কোনো মন্তব্য না করার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্রিটিশ সংবাদমাধ্যমের সাংবাদিকেরা ইমরানকে নিয়ে ক্রিকেটারদের প্রতিক্রিয়া জানতে চাইতে পারেন—এমন আশঙ্কা থেকেই বোর্ড এই সতর্কতা জারি করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০২৩ সাল থেকে কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন তারকা ক্রিকেটার প্রকাশ্যে কথা বলেছেন। ফলে ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তানি ক্রিকেটারদেরও ইমরানকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দেন ইমরান খানের দুই ছেলে সুলাইমান ইসা খান ও কাসিম খান। বাবার কারাবাস এবং শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান তারা। সাক্ষাৎকারটি সম্প্রচার করা নিয়ে পিসিবি আপত্তি জানায়।
সাক্ষাৎকারটি প্রচারিত হলে মধ্যাহ্ন বিরতির পর পাকিস্তান দল মাঠে নাও ফিরতে পারে—এমন হুমকি দেওয়ার খবরও তখন প্রকাশিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তান দল মাঠে ফিরে খেলা চালিয়ে যায়। পাকিস্তান টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদও জানিয়েছিলেন, মধ্যাহ্ন বিরতির সময় ক্রিকেটাররা ওই সাক্ষাৎকার দেখেননি।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে নিয়ে কোনো প্রশ্ন করা হলে রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করার জন্য ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ডের আশঙ্কা, এ ধরনের মন্তব্য ক্রিকেটের বাইরেও নতুন বিতর্কের জন্ম দিতে পারে। একই সঙ্গে ইংল্যান্ড সফরে দলের মনোযোগেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে তারা।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেও ইমরান খানের অবস্থান গুরুত্বপূর্ণ। ১৯৯২ সালে তার নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইমরান। তবে ২০২২ সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও পাকিস্তানের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন।
এদিকে ইংল্যান্ড সফরে লিডসের পর লর্ডস টেস্টেও পরাজিত হয়েছে পাকিস্তান। দলের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে ইমরান খানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও সফরজুড়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সূত্র : এনডিটিভি।


