সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হুয়ান লাপোর্তা। কাতালান টেলিভিশন চ্যানেল টিভিথ্রি-এর জরিপ অনুযায়ী, ৬৬ শতাংশ ভোট পেয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। এ জয়ের ফলে ২০৩১ সাল পর্যন্ত ক্লাবটির শীর্ষ পদে আসীন থাকবেন ৬৩ বছর বয়সী এই সংগঠক।
রোববার (১৫ মার্চ) সকাল থেকেই কাতালুনিয়া জুড়ে হাজার হাজার বার্সা সমর্থক ভোটকেন্দ্রে ভিড় জমান। নির্বাচনের মূল লড়াই ছিল বর্তমান প্রেসিডেন্ট লাপোর্তা এবং চ্যালেঞ্জার ভিক্টর ফন্টের মধ্যে।
নির্বাচনি প্রচারণায় ফন্ট বারবার লিওনেল মেসির সঙ্গে লাপোর্তার তিক্ত সম্পর্কের বিষয়টি তুলে ধরেছিলেন। বিপরীতে লাপোর্তা দাবি করে আসছিলেন, বার্সেলোনার মাঠের সাফল্য এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার চেয়ে যোগ্য কেউ নেই। তিনি সতর্ক করেছিলেন যে, ফন্ট নির্বাচিত হলে ক্লাবের ভঙ্গুর অর্থনীতি আবারও চরম ঝুঁকির মুখে পড়তে পারে।
মাঠের জয়ের পর ব্যালটের জয়
নির্বাচনের দিনটি বার্সেলোনার জন্য ছিল দ্বিগুণ আনন্দের। মাঠে সেভিয়ার বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ের পর প্রথম দলের অনেক ফুটবলার ভোট দিতে আসেন। জয়ের ব্যাপারে লাপোর্তা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগেই তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টে বিজয় উদযাপনের জন্য ডিনার বুক করেছিলেন বলে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে।
২০০৩-২০১০ সাল এবং ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করা লাপোর্তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হল বার্সেলোনার সাফল্য এবং আর্থিক কাঠামোকে আরও শক্তিশালী করা। ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘ এই মেয়াদে তিনি ক্লাবটিকে কোন উচ্চতায় নিয়ে যান, এখন সেটিই দেখার বিষয়।




