শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ৫ ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে নিয়োগের দুই দিন পর দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি।
চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, একান্ত ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। প্রসঙ্গত গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়াকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি সরকারের সাবেক সচিব।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে গভর্নরের দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর ব্যাংক খাতের কয়েকটি প্রতিষ্ঠান দেউলিয়ার পথে এমন বক্তব্য দেওয়ার পর এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে আমানতের টাকা তোলার হিড়িক পড়ে। পরে এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের মধ্যে বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে। এছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নিয়োগ পাওয়ার দুদিন পর দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পাওয়া নাবিল মুস্তাফিজুর রহমান। ১৭ ফেব্র“য়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তিনি বলেছেন, একান্ত ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগ।
এর আগে ১৫ ফেব্র“য়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়ে নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি করার বিষয়ে সরকারের সম্মতির কথা জানান। যোগ দেওয়ার তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে।




