মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইভি, সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যে বিনিয়োগে আগ্রহী জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান, সৌর প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তুতি চলছে। খুব দ্রুত এসব বিনিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে প্রায় ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই নেওয়ার কথা রয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখছে।


