লক্ষ্মীপুর সদর উপজেলায় ফুটবল খেলতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় নিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চবিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর–রামগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিহাদ বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। তিনি কালিবাজার এলাকার নানার বাড়িতে থেকে লেখাপড়া ও খেলাধুলা করতেন। প্রতিদিনের মতো সেদিনও বাইসাইকেলে করে ফুটবল খেলতে বিজয়নগর উচ্চবিদ্যালয় মাঠের দিকে যাচ্ছিলেন তিনি।
মাঠসংলগ্ন সড়কে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান।
নিহাদ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত ফুটবল খেলতেন। সহপাঠী ও এলাকাবাসীরা জানান, খেলাধুলায় বেশ আগ্রহ ছিল তার।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ ও দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।
একটি স্বপ্ন, একটি বাইসাইকেল আর ফুটবল নিয়ে বের হওয়া কিশোরের বাড়ি ফেরা হলো না।


