শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া এবং তাদের সুখ-দুঃখ ও সংকটে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একজন শিক্ষক প্রকৃত অর্থে ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমিরেটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
তিনি বলেন, যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের বন্ধুর মতো আচরণ করতে হবে এবং তাঁদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে। সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, শিক্ষকতা শুধু একটি চাকরি নয়, এটি জীবনব্যাপী সাধনার বিষয়। আনুষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি একজন শিক্ষককে নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হয়। উচ্চশিক্ষার মানোন্নয়নে দক্ষ, জ্ঞানসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষক তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রতি শিক্ষার্থী, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের বিশেষ প্রত্যাশা রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে মানসম্মত পাঠদান, ন্যায্য মূল্যায়ন ও সম্মানজনক আচরণ প্রত্যাশা করে। তাই প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি সামাজিক আচরণেও শিক্ষকদের সংযত ও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান, হিট প্রকল্পের ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং প্রশিক্ষণ কোর্সের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন।
এছাড়া বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চার মাসব্যাপী পেশাগত উন্নয়নমূলক এ প্রশিক্ষণে ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ


