spot_img
Homeজাতীয়চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির...

চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে পারলে মোট আট দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।

এদিকে ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদে মিলাদুন্নবীর ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।

তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

- Advertisement -

spot_img
spot_img