‘শেক্সপিয়ারের স্ত্রী’ হয়ে অস্কার জয় অভিনেত্রী জেসি বাকলির

২০২৬ সালে ইতিহাস গড়লেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। হ্যামনেট সিনেমায় উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে জিতে নিয়েছেন অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে তার ‘উইনিং স্পিচে’ মুগ্ধ সামাজিক মাধ্যমের নেটিজেনরা। ইতোমধ্যে ভাইরাল সেই বক্তব্য ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

হ্যামনেট সিনেমায় জেসি বাকলি অভিনয় করেছেন শেক্সপিয়ারের স্ত্রীর ভূমিকায়। এ সিনেমার গল্প মূলত উইলিয়াম শেক্সপিয়ারের পুত্র হ্যামনেটের মৃত্যু এবং তার পরবর্তী পর্যায়ে দম্পতির জীবন নিয়ে। পরিচালনা করেছেন ক্লোই চাও। সিনেমাটি ভূয়সী প্রশংসা পেয়েছে সমালোচক মহলেও। ম্যাগি ও’ফ্যারলের ২০২০ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে তৈরি এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন চাও এবং ও’ফ্যারল। অস্কারে একাধিক বিভাগে মনোনয়নও পেয়েছিল সিনেমাটি।

পুরস্কার জিতে অস্কারের মঞ্চে খানিকটা আবেগী হয়ে পড়েন হলিউড এ অভিনেত্রী। অস্কারের মঞ্চ থেকেই নিজের পরিবার, সহ-মনোনীত অভিনেত্রী এবং সহকর্মীদের ধন্যবাদ জানান বাকলি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বামী ফ্রেড সোরেনসেনের প্রতি। দম্পতির মাত্র আট মাসের একটি কন্যাসন্তানও রয়েছে।

জেসি বলেন, ‘আজ ইউকেতে মাতৃ দিবস পালিত হচ্ছে। তাই আমি এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই সব মায়েদের। আমরা সবাই এমন এক নারীসমাজের উত্তরসূরি, যারা অসংখ্য বাধা সত্ত্বেও সৃষ্টি করে চলেছেন। এই চরিত্রে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ।’

মঞ্চ থেকেই স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার উদ্দেশ্যে বলেন, ‘তুমি অসাধারণ একজন বাবা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তোমার সঙ্গে আমি আরও ২০ হাজার সন্তান চাই।’ এতেই হাসির রোল ওঠে গোটা হলজুড়ে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ মুহূর্তে ভাইরাল অভিনেত্রীর সেই বক্তব্য।

জেসি বাকলির এই জয় আইরিশ চলচ্চিত্র জগতকেও গৌরবান্বিত করেছে। হ্যামনেট সিনেমায় তার শক্তিশালী অভিনয় ইতোমধ্যে গোল্ডেন গ্লোব, বাফটা ক্রিটিকস চয়েসের মতো পুরস্কার জিতেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles