নিজের পরিবারসহ কারো অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে না: দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দেব না। আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই-ভাতিজা-বাবা হলেও কোনো ছাড় নয়।

সোমবার দুপুর ১২টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

হুইপ আরও বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি- আজ থেকে ৫ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মস্তানি যে যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন- তাকে গ্রেফতার করতে হবে। কোনো মুখ দেখাদেখি না চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করতে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, শুধু বিএনপি নয়, জামায়াত এনসিপি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সবার বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এ ছাড়াও বক্তব্য রাখেন- নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা প্রকৌশলী ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা ওবায়দুল্লাহ মীম। এ সময় জেলা পর্যায়ের সব কর্মকর্তা, সব উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ার পরে এটি তার প্রথম জেলা সফর হওয়ায় এ সময় তাকে নাটোর জেলা বিএনপি, আইনজীবী সমিতি ও প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তর থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি জেলার বড়াইগ্রামের মির্জা মাহমুদ খাল খনন কাজ উদ্বোধন করেন এবং বিকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles