‘সার্জারি তো নির্বাচক দলে হওয়া উচিত’ — ক্ষোভে ফুঁসছেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জাতীয় নির্বাচক কমিটির বিরুদ্ধে সরাসরি কড়া সমালোচনা করেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ও এরপর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও বিবৃতিতে এই ক্ষোভ উগরে দিলেন ৪৯ বছর বয়সী এই সাবেক তারকা।

আফ্রিদি বলেন, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দেখলেন, এরপর বাংলাদেশ সিরিজও ২-১-এ হারলাম। আমার মতে, নির্বাচক কমিটি সমালোচনার দাবিদার। কমিটিতে আপনারা সবাই এত ক্রিকেট খেলেছেন, তবুও কোন ফরম্যাটে কে অধিনায়ক হবেন সেটা বুঝতে পারছেন না।’

‘সার্জারি’র নামে দলে বারবার পরিবর্তন আনা নিয়ে বিশেষভাবে আপত্তি তোলেন আফ্রিদি। তিনি বলেন, ‘সার্জারির নামে বেশি বেশি সিদ্ধান্ত নিচ্ছেন। যা করছেন তা হলো এমন তরুণ ও খেলোয়াড়দের তুলে আনছেন যারা মাত্র কয়েকটা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আপনাদের ঘরোয়া ক্রিকেটের মান এতটাও ভালো নয় যে সেখান থেকে ধারাবাহিকভাবে পাকিস্তান দলে জায়গা নেওয়ার মতো খেলোয়াড় আসবে।’

অভিজ্ঞ খেলোয়াড়দের ছেঁটে ফেলা নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন আফ্রিদি। তিনি বলেন, ‘যেসব সিনিয়র খেলোয়াড় আসলে জায়গার দাবিদার ছিলেন — টি-টোয়েন্টিতে দুর্বল হলেও ওয়ানডেতে তাদের রেকর্ড ছিল খুব ভালো — তাদের সার্জারির নামে সরিয়ে দিয়েছেন, অথচ ওয়ানডেতে তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’

এই পদ্ধতিতে কোনো কৌশল নেই বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘বরং কয়েকটা ঘরোয়া ও প্রথম শ্রেণির ম্যাচ খেলা তরুণদের নিয়ে এলেন। ঘরোয়া ক্রিকেটের মান যথেষ্ট নয় এবং এই খেলোয়াড়রা সরাসরি পাকিস্তান দলে এসে জায়গা পাকা করার জন্য প্রস্তুত নয়। বারবার পাকিস্তান ক্যাপ দিয়ে যাচ্ছেন — এটা সার্জারি নয়। বরং সত্যিকারের সার্জারি করা উচিত নির্বাচক কমিটির উপরেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles