ঈদের নাটকে অভিনেতা মোশাররফ করিমের অভিনয় মানেই দর্শকদের বিশেষ আনন্দ। ঈদে সেই বাড়তি আনন্দ দিতে তাকে দেখা যাবে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ নাটকে। এ নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়াকে। শামীম সিকদারের রচনা ও সোহেল হাসানের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’।
এ নাটকের গল্প মূলত মধ্যবয়সি প্রবাস ফেরত আবুল বাসারকে কেন্দ্র করে। আবুল বাসার দীর্ঘদিন বিদেশে থাকার কারণে সময়মতো বিয়ে করা হয়নি তার। দেশে ফিরে সুন্দরী ও সরল মেয়ে সাবিনাকে দেখে হঠাৎ করেই তাকে বিয়ে করে ফেললেন তিনি। বয়সের ব্যবধান অনেক হলেও স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন আবুল বাসার।
বরং সেই ভালোবাসাই একসময় অতিরিক্ত রক্ষণশীল আচরণে পরিণত হয়। স্ত্রীকে চোখের আড়াল করতে চান না তিনি। সবসময় তার খোঁজখবর রাখতে থাকেন এবং বাড়ির আশপাশেও অবিবাহিত কাউকে আসতে দিতে চান না। এমনকি বাড়ির গেটেও ঝুলিয়ে দেন ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ লেখা সাইনবোর্ড।
তবে ঘটনার মোড় নেয় অন্যদিকে, যখন হঠাৎ করেই সাবিনা নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সাবিনার সাবেক প্রেমিক রনি পুরোনো ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। বিষয়টি জানতে পেরে সাবিনাকে উদ্ধার করতে এগিয়ে আসেন আবুল বাসার। অতীতের ঘটনাকে গুরুত্ব না দিয়ে স্ত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এ প্রবাস ফেরত।
এ নাটকের গল্প হাস্যরসেরও জন্ম দিয়েছে। ভালোবাসা, সন্দেহ, হাস্যরস ও আবেগের মিশেলে নির্মিত এ নাটকটিতে দাম্পত্য সম্পর্কের নানা দিক উঠে এসেছে। নির্মাতাদের আশা— ঈদের বিশেষ এই নাটকটি দর্শকদের জন্য হবে উপভোগ্য একটি আয়োজন। ঈদ উপলক্ষ্যে ‘অবিবাহিতদের প্রবেশ নিষেধ’ বিশেষ নাটকটি আরটিভিতে দেখানো হবে। ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।




