মেসির প্রভাবে ফিনালিসিমা বাতিল? যা জানা গেল

২০২৬ সালের ফিনালিসিমা শেষমেশ বাতিলই হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে শুরুতে এটি সরিয়ে দেওয়া হয়। এরপর তা ইউরোপে হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা হলো না।

এদিকে স্পেন আর্জেন্টিনার এই দ্বৈরথ বাতিল হওয়ার পেছনে মেসির হাত আছে, এমন একটা গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। বলাবলি হচ্ছিল, তিনিই নাকি কলকাঠি নেড়ে ম্যাচটা আর্জেন্টিনায় নিতে চেয়েছিলেন।

তবে ইএসপিএন জানিয়েছে, এই ম্যাচ বাতিল হওয়ায় হতাশ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে এটিকে দেখছিলেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।

সূত্র জানিয়েছে, মেসি ম্যাচটিকে বিশ্বকাপের আগে সত্যিকারের একটি ফাইনাল হিসেবে নিয়ে সিরিয়াসভাবে খেলতে চেয়েছিলেন। তবে ম্যাচ বাতিলের আলোচনায় তার কোনো ভূমিকা ছিল না।

২০২৪ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই ম্যাচ মূলত ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেটি বাতিল হয়েছে।

উয়েফা রোববার বিবৃতিতে বলেছে, ‘উয়েফা ও কাতারে আয়োজক কর্তৃপক্ষের মধ্যে অনেক আলোচনার পর আজ ঘোষণা করা হচ্ছে যে অঞ্চলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে আশানুরূপভাবে ফিনালিসিমা আয়োজন করা সম্ভব হচ্ছে না। উয়েফা অন্যান্য সম্ভাব্য বিকল্পও খতিয়ে দেখেছে, কিন্তু প্রতিটিই শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে গ্রহণযোগ্য হয়নি।’

তবে কনমেবলের বিবৃতিতে ভিন্ন কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়, অন্যান্য ভেন্যু ও তারিখ বিবেচনা করা হয়েছিল, কিন্তু উয়েফা সেগুলো প্রত্যাখ্যান করেছে। কনমেবলের বিবৃতিতে বলা হয়, শনিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ৩১ মার্চের তারিখ ছাড়া সব শর্তে রাজি ছিল। তারা ৩১ মার্চের প্রস্তাব দিয়েছিল। কিন্তু উয়েফা জানায়, মূল প্রস্তাবের মাত্র চার দিন পরে ৩১ মার্চ ম্যাচ আয়োজন সম্ভব নয়। ফলে ফিনালিসিমা বাতিল হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles